নিজস্ব সংবাদদাতা, মুম্বই : দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের! যদিও গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই ছক বানচাল করা সম্ভব হয়েছে। সম্প্রতি মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশন এলাকা থেকে এক সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশের অভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসান আবুর। বাইরে থেকে তাকে সাধারণ আর দশটা যুবকের মতোই মনে হতো। জীবিকা নির্বাহের জন্য সে অ্যাপ-ভিত্তিক বাইক চালানোর পাশাপাশি পারফিউম বা সুগন্ধি বিক্রি করত। তদন্তে নেমে এটিএস আধিকারিকরা জানতে পেরেছেন, এই মামুলি পেশাগুলির আড়ালেই সে গোপনে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। এমনকি সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সে নিয়মিত উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী পোস্ট করত।
ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তার ফোন থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শীর্ষ প্রধান মাসুদ আজহারের বেশ কিছু অডিও ক্লিপ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, গত ১ জুন সে একটি টেলিগ্রাম গ্রুপে মাসুদের একটি উসকানিমূলক অডিও বার্তা আপলোড করেছিল। গোয়েন্দাদের দাবি, ‘ইবন-ই-কাসিম’ নামে পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের সক্রিয় সদস্য ছিল এই হাসান। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত সরাসরি পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখত। তাছাড়া তাদের নির্দেশেই বিভিন্ন দেশবিরোধী কাজ চালাচ্ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
মুম্বইয়ের মতো জনবহুল ও সংবেদনশীল শহরে কীভাবে এই ধরনের ব্যক্তিরা শিকড় গাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাছাড়া এই চক্রের জাল ঠিক কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত হাসান আবুরের সঙ্গে আর কারা কারা জড়িত, তার কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তকে হেপাজতে নিয়ে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের একক বা স্লিপার সেল গোছের অপারেটরদের গতিবিধি রুখতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
মুম্বইয়ে পুলিশের জালে জইশ-ই-মহম্মদ ‘জঙ্গি’, পারফিউম বিক্রির আড়ালে নাশকতার ছক
Previous Articleমালদায় বিজেপিকর্মী খু*নের ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৩

