নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ ট্রেনে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক! তবে পাচারের আগেই এনজেপি স্টেশনে পুলিশের জালে বিহারের দুই যুবক। ধৃতদের স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে যৌথ অভিযান চালায় শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। ছয় নম্বর প্ল্যাটফর্মে ডাউন বিবেক এক্সপ্রেস পৌঁছতেই ট্রেনের সাধারণ কামরায় তল্লাশি চালানো হয়। সেই সময় সন্দেহের ভিত্তিতে আটক করা হয় দুই যুবককে। এরপর তাদের স্কুল ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

ধৃতদের নাম রোহন কুমার, বয়স কুড়ি বছর, এবং গুড্ডু কুমার, বয়স উনিশ বছর। দুজনেই বিহারের খাগারিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে এনজেপিতে এসেছিল ধৃতরা। সেখান থেকে বিবেক এক্সপ্রেসে চেপে কিষানগঞ্জ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারের খাগারিয়ায় ফেরার কথা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এই ঘটনার পিছনে কোনও বড়সড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে জিআরপি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

