উজ্জ্বল পাল, মালদাঃ সোনার গয়না দেখার নাম করে দোকানে ঢুকে প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকার সোনার চেন চুরির ঘটনায় কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে এই সাফল্য মিলেছে এবং উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের সোনার চেনটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই মহিলার নাম সোনিয়া ইয়াসমিন (৩৮), যাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বুনিয়াদপুর বা বুনারটিতে এবং মুমতাজ বিবি (৫২), যাঁর বাড়ি কলকাতার ধর্মতলায়।

গত ৮ অক্টোবর ইংরেজবাজারের বিএস রোডে স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে এই ঘটনা ঘটে। অভিযোগ, গয়না দেখার ছলে চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুই মহিলা। বিএস রোডের পরপর তিনটি দোকানে তাদের ঢোকার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে, যা ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইংরেজবাজার থানার একটি দল কলকাতা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
সাম্প্রতিক সময়ে সোনার দোকানে পরপর চুরি ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এই চুরির কিনারা হওয়ায় এবং অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করে ইংরেজবাজার থানার পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। তবে এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

