নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পুজোর মুখে উচ্ছেদের দুশ্চিন্তায় শিলিগুড়ি সংলগ্ন অম্বিকানগর বাজার এলাকার ব্যবসায়ীরা। রেলের জমিতে থাকা দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তাঁরা।

নিউ জলপাইগুড়ি স্টেশনের পিছনে নতুন প্রবেশপথ তৈরির জন্য এনজেপি রেল হাসপাতাল পর্যন্ত রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই কারণে রাস্তার সামনে থাকা দোকানগুলি সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগেও রেলের তরফে দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ফের নতুনভাবে একই নির্দেশ আসায় এদিন অম্বিকানগর ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের দোকান সরিয়ে ফেলার কাজ শুরু করেন।
শুধু অম্বিকানগর নগর নয়, শিলিগুড়ি শহর ও আশপাশের রেলের জমিতে থাকা বিভিন্ন বাজার ও বস্তিতেও এই আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাসকারী বহু মানুষের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা উচিত নয়। ব্যবসায়ী রাজকুমার দেবনাথের কথায়, প্রায় ১৫ বছর ধরে সেখানে ব্যবসা করছেন তিনি। দোকান সরিয়ে দিলে তাঁদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাস্তা চওড়া করার প্রয়োজনীয়তা স্বীকার করেও দোকান করার জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবে পুজোর মুখে উচ্ছেদের আশঙ্কায় এখন দুশ্চিন্তায় দিন কাটছে ব্যবসায়ীদের।

