গৌতম সিংহ, ফুলবাড়িঃ জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় নয়নাজুলিতে যাত্রীবাহী গাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা চালকের। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বাখোয়াবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশের নয়নাজুলিতে পড়ে গেল একটি ছোট যাত্রীবাহী গাড়ি। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির চালক।
জানা গিয়েছে, জলপাইগুড়ির দিক থেকে একটি ছোট যাত্রীবাহী গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় একই রাস্তা দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রাক গাড়িটিকে ধাক্কা মারে। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নাজুলিতে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পর ট্রাকটি সেখান থেকে চলে যায় বলে জানা গিয়েছে। পরে ধাওয়া করে জটিয়াকালি সংলগ্ন এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

