শিলিগুড়ি : মুদি দোকানের আড়ালে চোরাই সামগ্রী মজুত করে বিক্রির হদিশ মিলল শিলিগুড়িতে মহকুমার খড়িবারড়িতে। যা দেখে কার্যত চক্ষু চড়কগাছ পুলিশের। কী নেই সেই গুদামে। চোরাই বাইক থেকে শুরু করে সবুজ সাথীর সাইকেল, গ্যাস সিলেন্ডার। ঘটনায় মুদি দোকানের মালিককে গ্রেফতার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে খড়িবাড়ির ভাল্লুকগাড়া এলাকায় বাপ্পা মজুমদারের মুদি দোকানে অভিযান চালায়। দোকানের সামনের অংশে মুদির সামগ্রি থাকলে পেছনে অংশে রয়েছে বিশাল গুদাম। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৬ টি চোরাই বাইক, ৫৫ টি গ্যাস সিলিন্ডার, ২১ টি মোবাইল ফোন, প্রচুর পরিমানে সবুজ সাথী সাইকেল, সিলিং ফ্যান, জলের পাইপ থেকে শুরু করে প্রচুর চোরাই সামগ্রী উদ্ধার হয়। তবে এই সামগ্রীগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি দোকান মালিক বাপ্পা মজুমদার।
টানা জিজ্ঞাসাবাদের পর খড়িবাড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মুদি দোকানের আড়ালে চোরাই সামগ্রীর কারবার চালাচ্ছি বাপ্পা। খড়িবাড়ি সহ শিলিগুড়ি শহর ও মহকুমার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া সামগ্রীওগুলি সে কিনত।পরবর্তীতে চা বিহারে ও নেপালে বিক্রি করে দিত।
পুলিশ ইতিমধ্যেই ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। ফোন কলের রেকর্ড ও লেনদেন ঘেঁটে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

