শিলিগুড়ি : শিলিগুড়ি পৌর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ দিলীপ বর্মন ফের জড়ালেন বিতর্কে। তাঁর বিরুদ্ধে এবার জমি দখল, স্থানীয় এক পরিবারকে হুমকি এবং যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ, কাউন্সিলরের বাড়ির পাশেই বসবাসকারী শিখা রানী দেবনাথ ও তাঁর পরিবার হঠাৎ করে সকালে দেখেন, তাদের বাড়ির গেটের সামনে ইটের বাউন্ডারি ওয়াল তুলে দেওয়া হয়েছে। এতে কার্যত বন্ধ হয়ে যায় তাদের বাড়ির প্রবেশপথ। অভিযোগ পেয়ে ছুটে আসেন স্বামী রঞ্জিত দেবনাথ ও ছেলে সৌরভ দেবনাথ। শিখা দেবনাথের দাবি, দীর্ঘদিন ধরেই তাদের পরিবারকে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছেন দিলীপ বর্মন।
শিখা রানী দেবনাথ জানান, ঘটনার প্রতিবাদ করলে কাউন্সিলর দিলীপ বর্মন ছেলেকে ও স্বামীকে মারধরের হুমকি দেন। শুধু তাই নয়, তাদের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি, অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দেবনাথ পরিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে তারা নিজেরাই বাউন্ডারি ওয়ালটি ভেঙে দেন। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দিলীপ বর্মনের দাবি, পুরোটাই তৃণমূল দলের ভিতরের চক্রান্ত। দীর্ঘদিন ধরে আমাকে অপদস্থ করার চেষ্টা চলছে। ওই মহিলা একজন মাদকাসক্ত এবং তৃণমূলের কিছু নেতার প্ররোচনাতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, আমার কানে কিছু অভিযোগ এসেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।

