শিলিগুড়ি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘চেতনায় প্রকৃতি ও নদী উৎসব’। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হল একটি বসে আঁকো প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় এদিন অংশ নেয় শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০০ কচিকাঁচা। পরিবেশ, প্রকৃতি ও নদীকে কেন্দ্র করে আঁকা তাদের চিত্রকলায় ফুটে উঠল এদিন, প্রকৃতির প্রতি ভালবাসা ও সচেতনতা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ৩নং বোরো কমিটির চেয়ারপাসন মিলি সিনহাসহ পুরনিগমের আধিকারিকরা।
মিলি সিনহা জানান,”পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু বড়দের নয়, ছোটরাও তার অংশীদার। এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলাই পুরনিগমের লক্ষ্য।

