তানিয়া সরকার, শিলিগুড়িঃ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে শিলিগুড়ি জংশন স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের কাজ। আগামী ডিসেম্বরের মধ্যেই এই সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি জংশন স্টেশনের পরিদর্শনে এসে এই কথা জানলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারাহ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআরএম স্টেশনের অগ্রগতির ছবি তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাইরে থাকা পুরনো বুকিং কাউন্টারটি ইতিমধ্যে নতুন ভবনের ভেতরে স্থানান্তরিত করা হয়েছে। স্টেশনের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হলে যাত্রীদের সুবিধার্থে লিফটসহ একাধিক উন্নত পরিষেবা চালু করা হবে, যা সাধারণ ট্রেন যাত্রীদের স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়িয়ে তুলবে।
শিলিগুড়ি জংশনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনের কাজের খতিয়ানও দেন ডিআরএম। তিনি জানান, নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের বিশ্বমানের রূপায়ণের কাজ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, উৎসবের কারণে শিলিগুড়ি টাউন স্টেশনের কাজ সাময়িকভাবে স্থগিত থাকলেও, নতুন করে পরিদর্শনের পর খুব শিগগিরই সেই কাজ পুনরায় শুরু করা হবে।
এদিনের পরিদর্শনে শিলিগুড়ির বহু প্রতীক্ষিত ডবল লাইন রেল প্রকল্প নিয়েও আশার বাণী শোনান কাটিহারের ডিআরএম। তিনি জানান, ইতিমধ্যেই প্রকল্পের ‘ফর্ম এ’ এবং ‘ফর্ম বি’ জমা পড়েছে। পুজোর ছুটির পর প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মূল কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির পরিকাঠামোগত উন্নয়ন ও ডবল লাইন প্রকল্পের অগ্রগতি সময়মতো সম্পন্ন হলে এ অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও দাবি করেন তিনি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরেঃ ডিআরএম
Previous Articleমালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা রবিউল ইসলামের

