শিলিগুড়ি : শিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর প্রায় ৫ কেজি ৬১৯ গ্রাম সোনা সহ চারজনকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৯ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে ডি আর আই প্রথমে বিহারের কিষানগঞ্জ থেকে দু’জনকে আটক করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের হদিশ মেলে এবং তাদেরও গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি বিহারে এবং বাকি দু’জন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা।
তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে মোট ৪৮টি সোনার বাট উদ্ধার করা হয়, যার প্রতিটির ওজন প্রায় ১১০ থেকে ১১২ গ্রাম। এছাড়াও প্রায় ২ লক্ষ টাকা নগদও তাদের কাছ থেকে পাওয়া গেছে। তদন্তে জানা যায়, এই বিপুল পরিমাণ সোনা বাংলাদেশ থেকে ভারতে আনা হচ্ছিল এবং সেখান থেকে ট্রেনে করে তা দিল্লির দিকে পাচার করার পরিকল্পনা ছিল। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বিচারক তাদের আগামী ৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ডি আর আই কর্মকর্তারা এখন খতিয়ে দেখছেন যে ধৃতরা শুধু বাহক হিসেবে কাজ করছিল, নাকি তাদের সরাসরি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই ঘটনায় আরও বড় পাচার চক্রের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

