পানিট্যাঙ্কি : নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি ঘিরে ভারত-নেপাল সীমান্তে দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি সফরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই সফরকেই তীব্র কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সন্ধ্যায় পানিট্যাঙ্কি সীমান্তে পৌঁছান মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা পুলিশের সুপার প্রবীণ প্রকাশ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তারা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন।
নেপালে অশান্তির প্রভাব স্পষ্ট সীমান্তে। টানা তিনদিন ধরে প্রায় জনশূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন গড়ে ১০-১১ হাজার মানুষ এই সীমান্ত দিয়ে পারাপার করেন। কিন্তু অস্থিরতার জেরে প্রায় বন্ধই হয়ে গিয়েছে চলাচল। এর প্রভাব পড়েছে আমদানি-রপ্তানির ক্ষেত্রেও। সীমান্তে আটকে রয়েছে একাধিক লরি, যার মধ্যে রয়েছে কাঁচামাল বোঝাই ট্রাকও। ব্যবসায়ীদের আশঙ্কা, বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্যপাল একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন বলেই আমার মনে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলিগুড়ি থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তখন রাজ্যপালের এই সফর অনেক প্রশ্ন তোলে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

