শিলিগুড়ি : শিলিগুড়ির ভারত–নেপাল সীমান্ত সংলগ্ন পানিট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশি যুবককে। রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে।
ধৃতের নাম মহৎ চন্দ্র (৩৯)। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা। তার হেফাজত থেকে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এসএসবি সূত্রে জানা গেছে, মহৎ চন্দ্র প্রায় দু’মাস আগে বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। একজন বাংলাদেশি দালালের সহায়তায় তিনি ভারতে আসেন। পরে পানিট্যাংকি এলাকায় রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। রবিবার রাতে তাকে গ্রেফতার করে এসএসবি দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয়। কেন তিনি বাংলাদেশ থেকে ভারতে এসে ভারত – নেপাল সীমান্তবর্তী এলাকায় বসবাস করছিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত মহৎ চন্দ্রকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে I

