শিলিগুড়ি : পুজোর আগেই যানজট মুক্তির স্বপ্ন দেখিয়েছিল বর্ধমান রোডের নির্মীয়মাণ ফ্লাইওভার। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলেছে বাস্তব পরিস্থিতি। এখনও বিস্তর কাজ বাকি। গার্ডার বসানো, আলো বসানো সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজই এখনও সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় ফ্লাইওভার চালু করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সঙ্গে দায় চাপালেন রেলের কাঁধে।
রাজ্যের পূর্ত দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে বর্ধমান রোডে তৈরি হচ্ছে এই ফ্লাইওভার। লক্ষ্য, ঝংকার মোড় এলাকায় প্রতিদিনের তীব্র যানজট সমস্যার সমাধান। প্রায় চার বছর আগে শুরু হয় এই কাজ, কিন্তু ধীরগতির জন্য এখনও পর্যন্ত কাজ শেষ করা যায়নি।
মাস কয়েক আগে মেয়র আশ্বাস দিয়েছিলেন, পুজোর আগেই খুলে দেওয়া হবে এই উড়ালপুল। তবে সেই আশ্বাসের বাস্তবায়ন এখন অনিশ্চিত। সোমবার শহরের এক প্রশাসনিক বৈঠকে মেয়র গৌতম দেব বলেন, পুজোর আগে ফ্লাইওভার চালু করা সম্ভব নয়। পূর্ত দপ্তরের কাজ প্রায় শেষ, কিন্তু রেলের তরফে যে অংশটি তৈরি করার কথা, সেই কাজই এখনও ঝুলে রয়েছে। গার্ডার বসানো পর্যন্তও রেল করতে পারেনি। রেলের সঙ্গে ফের কথা বলা হবে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। তাঁদের অভিযোগ, বহুদিন ধরে একাংশ রাস্তা বন্ধ থাকায় যানজট আরও বেড়েছে। তার উপর সময়মতো ফ্লাইওভার চালু না হওয়ায় সমস্যা দ্বিগুণ হয়েছে।
সব মিলিয়ে, পুজোর মুখে বর্ধমান রোডে স্বস্তি মিলবে না এমনটাই স্পষ্ট।

