শিলিগুড়ি : বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের প্রধান নগরের গুরুংবস্তি বাজারে একটি ফাস্টফুড রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেল। পাশাপাশি থাকা একটি কাপড়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্কে পড়েন আশেপাশের ব্যবসায়ীরা।
দমকল সূত্রে জানা গিয়েছে, চাউমিন বানানোর সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে পাইপ খুলে গিয়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন গোটা দোকানে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে দোকানের আসবাবপত্র ও বাসনপত্র। আগুনের তীব্রতায় পাশের কাপড়ের দোকানেও কিছুটা ক্ষতি হয়।
দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই রেস্টুরেন্ট থেকে গ্যাস সিলিন্ডার বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দমকল কর্মীরা। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, সিলিন্ডার লিক করায় এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় কাউন্সিলর রামভজন মাহাতো এবং বরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী। মেয়র জানান, মিরিকের বাসিন্দা এক মহিলা দীর্ঘদিন ধরে ওই দোকানটি ভাড়া নিয়ে রেস্টুরেন্ট চালাচ্ছিলেন। এদিনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুরনিগমের তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলা হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজার এলাকায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকলের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

