শিলিগুড়ি : সাত সকালে ব্যাবসায়ীকে খুনের চেষ্টা শিলিগুড়িতে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের ঘুগনিমোড় এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য ব্যাবসায়ীরা। গুরুতর জখম অবস্থায় ব্যাবসায়ী শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা নীরজ ছেত্রী ঠাকুর নামে এক যুবক এলাকায় থাকা একটি পানের দোকানে বুধবার ১০০ টাকা খুচরো করতে যায়। অভিযোগ, ওই টাকাটি জাল থাকায় তা খুচরো করে দিতে অস্বীকার করে ব্যাবসায়ী প্রিয়াংশু পাল। এরই প্রতিশোধ নিতে এদিন সকালে ওই ব্যাবসায়ীর উপর ধারলো অস্ত্র নিয়ে চড়াও হয় নিরাজ। তার নাকে গলায় অস্ত্রের কোপ পড়ে। স্থানীয় ব্যাবসায়ী হিমাংশু রায়ের অভিযোগ, বারবার একই ঘটনা ঘটনাচ্ছে অভিযুক্ত। এর আগেও আরেক ব্যবসায়ীর পেটে ছুড়ি ঢুকিয়ে দেয়। বাড়িতে থেকে মাদক বিক্রিও করে সে। আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু জামিনে বেড়িয়ে ফের এলাকাজুড়ে দাদাগিরি করে বেড়ায়। এতে স্থানীয় বাসিন্দা থেকে ব্যাবসায়ীরা প্রত্যেকে আতঙ্কিত।
এদিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা অভিযুক্তের বাড়ির ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানায় তারা। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

