শিলিগুড়ি : উত্তরবঙ্গে এই প্রথমবারের জন্য আয়োজন করা হচ্ছে তরাই আদিবাসী মহোৎসব। নর্থ বেঙ্গল আদিবাসী ইউথ অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবের সূচনা হবে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস-কে কেন্দ্র করে। পানিঘাটা মোড় থেকে বিহার মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে উৎসবের সূচনা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিলিগুড়ির মহকুমা শাসক অবোধ সিং। সম্পূর্ণ অনুষ্ঠানটি আদিবাসী সমাজের রীতিনীতি ও সংস্কৃতি মেনেই আয়োজিত হবে বলে জানান আয়োজকরা।বুধবার এক সাংবাদিক বৈঠকে, সংগঠনের তরফে অভিষেক কুজুর জানান, উত্তরবঙ্গে এই প্রথম এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে আদিবাসী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। একইসঙ্গে এই সমাজ থেকে উঠে আসা এবং বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
এই উৎসবের মাধ্যমে আদিবাসী সমাজের ঐতিহ্য ও স্বকীয়তা তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

