শিলিগুড়ি : ভারতীয় সেনার নতুন প্যাটার্ন ইউনিফর্মের অবৈধ বিক্রি শহর শিলিগুড়িতে। সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর অভিযানে গ্রেফতার এক। ধৃতকে তুলে দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশের হাতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আর্মি ইন্টেলিজেন্স এর অভিযানে সালুগাড়া থেকে বিপুল পরিমাণ ভারতীয় সেনার ইউনিফর্ম কাপড় উদ্ধার হয়েছে। এই ঘটনায় দেশের নিরাপত্তায় বড়সড় গাফিলতির ঘটনা সামনে এসেছে শহর শিলিগুড়িতে। সেনাবাহিনীর জন্য নির্দিষ্টভাবে প্রস্তুত নতুন প্যাটার্নের ইউনিফর্ম, যা শুধুমাত্র সেনা ক্যাম্পের ভিতরে ব্যবহারের অনুমতি রয়েছে, তা চুপিসারে খোলা বাজারে বিক্রি হচ্ছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সুকনার ত্রিশক্তি কোরের মিলিটারি ইন্টেলিজেন্স টিম জানতে পারে যে সালুগাড়া এলাকায় খোলা বাজারে সেনার নতুন প্যাটার্নের ইউনিফর্ম বিক্রি হচ্ছে। এরপর সোমবার আর্মি ইন্টেলিজেন্সের একটি টিম ক্রেতা সেজে ওই এলাকায় যায়। সেখানে তারা দেখতে পান, এক টেইলারিং দোকানে পেশায় দর্জি এক ব্যক্তি, সেনার নতুন ইউনিফর্ম বিক্রি করছে। এই ইউনিফর্ম শুধুমাত্র সেনার জন্য প্রস্তুত এবং এর খোলা বাজারে বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
এই গুরুতর বিষয়টি দেখার পর আর্মি ইন্টেলিজেন্স ও ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত দোকানদার জাকির হোসেনকে গ্রেফতার করে। ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অবৈধ ব্যবসার পেছনে কোনো বড় চক্র কাজ করছে। অভিযুক্তকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।

