শিলিগুড়ি : আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠী কোন্দোলে রীতিমতো জেরবার তৃণমূল কংগ্রেস । শিলিগুড়ির গ্রামীণ এলাকায় নিজেদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই একের পর এক অনাস্থা আনছে শাসক দলের এক পক্ষ। এই পরিস্থিতিতে দলে ভাবমূর্তি ঠিক রাখতে প্রধান উপপ্রধান ও গ্রামীন নেতাদের সঙ্গে বৈঠক সারলেন দলের দার্জিলিং জেলা নেতৃত্ব। যদিও দলে কোন্দল নেই বলেই দাবি শাসক নেতাদের।
সোমবার মহকুমা এলাকার বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও নেতাদের সঙ্গে মহকুমা পরিষদের ভবনে বৈঠকে বসেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় ট্রিব্রুবাল,মেয়র গৌতম দেব, সভাধিপতি অরুন ঘোষ। ছিলেন প্রাক্তন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষও।
কিছুদিন আগেই বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনেন দলের উপপ্রধানসহ কয়েকজন। পরিস্থিতি তখনকার মতো সামাল দিলেও ফের একই ঘটনা ঘটে ফাঁসিদেওয়াতেও। সেখানেও প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে বিডিওর কাছে চিঠি দেন উপপ্রধানরা।
এদিন সেই সমস্ত বিষয় নিয়ে প্রধান উপপ্রধানদের সতর্ক করা হয়। মেয়র গৌতম দেব অবশ্য অনাস্থার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, দলের সমন্বয় বাড়াতেই বৈঠক করা হয়েছে I
যদিও, দলের কোন্দলে ও অনাস্থার বিষয় নিয়ে সরাসরি মুখ না খুললেও জেলার প্রাক্তন সভানেত্রী পাপিয়া ঘোষের অভিযোগ. দলের নতুন প্রধান উপপ্রধানদের, বিরোধী দলগুলি উস্কে দিয়ে চেয়ারে বসার চেষ্টা করছে।

