তানিয়া সরকার, শিলিগুড়িঃ প্রকাশ্য দিবালোকে ব্যস্ত এলাকায় এক শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়িতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শিউলি দত্ত নামে ওই শিক্ষিকা। অন্যদিকে, হামলা চালানোর পর অভিযুক্ত সজল দাস নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিক্ষিকা শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর বাড়ির পাশের বাড়ির বাসিন্দা স্কুল শিক্ষিকা শিউলি দত্ত প্রাত্যহিক রুটিন অনুযায়ী ফুল তুলতে বেরিয়েছিলেন । অভিযোগ, সেই সময় হঠাৎই সজল দাস নামে এক ব্যক্তি অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ওই শিক্ষিকার আর্তনাদে আশপাশের লোকজন ছুটে এলে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিকে, এই নৃশংস হামলার পরেই অভিযুক্ত সজল দাস আত্মহত্যার চেষ্টা করে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে রক্তাক্ত ও জখম অবস্থায় শিক্ষিকা শিউলি দত্ত এবং অভিযুক্ত সজল দাস উভয়কেই উদ্ধার করে দ্রুত শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করে। ঠিক কী কারণে ওই শিক্ষিকার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হলো, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। জনবহুল এলাকায় এমন একটি ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তার অভাববোধ তৈরি হয়েছে।

