শিলিগুড়ি : ব্রাউন সুগার সহ তিন জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। শুক্রবার জংশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও স্পেশাল অপারেশন গ্রুপ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম ব্রাউন সুগার।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা,মুর্শিদাবাদের বাসিন্দা রূপচাঁদ শেখ, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা গোবিন্দ মজুমদার, ইসকন মন্দির রোড এলাকার বাসিন্দা গণেশ শা। এদিন দুপুরে রূপচাঁদ শেখ মাদক বিক্রির জন্য জংশন এলাকায় পৌঁছায়। বাকি দুই অভিযুক্ত তা কেনার জন্য দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত রূপচাঁদের থেকে ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গোবিন্দ ও গণেশের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ টাকা । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হবে।

