শিলিগুড়ি : অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো শিলিগুড়ি পৌরনিগমের কর্মীদের। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাই মোড় সংলগ্ন বাজার এলাকায়। অভিযোগ, আগে নোটিশ জারি করা হলেও বহু দোকানদার তা জানতেন না বলে দাবি করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা।
কিন্তু পৌরনিগম সূত্রে খবর, তাদের পক্ষ থেকে বেশ কিছু দোকানে আগেই উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা কোনও ধরনের নোটিশ পাননি। এই পরিস্থিতিতে হঠাৎ উচ্ছেদ অভিযান শুরু হলে ক্ষোভে ফেটে পড়েন দোকানদাররা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দীর্ঘক্ষণ চলে আলোচনার পর, আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পৌরনিগম। ব্যবসায়ীদের একাংশ বলেন, তাদের মতামত না নিয়েই এমন আচমকা পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, “ব্যবসায়ীদের না জানিয়ে এভাবে হঠাৎ করে উচ্ছেদ অভিযান গ্রহণযোগ্য নয়। তারা কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেছেন। এবং পৌরনিগম আশ্বাস দিয়েছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।”

