শিলিগুড়ি : আজ বিকেলে শিলিগুড়ির গুরুনানক চক (সেভক মোড়) সংলগ্ন হিল কার্ট রোডে একটি বহু পুরোনো বিশাল আকারের গাছ হঠাৎ ভেঙে পড়ে পড়ে যায়। এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় চরম ট্রাফিক জ্যাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্যোগে গুরুনানক চক থেকে সফদর হাসমি চকের দিকের রাস্তা আংশিকভাবে সচল করা সম্ভব হয়। তবে গুরুনানক চক থেকে মহাত্মা গান্ধী চকের দিকে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে দমকল বিভাগ ও পুরনিগমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরানো হয়। প্রায় ৩-৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় কোনো রকম হতাহতের খবর না থাকলেও, স্থানীয়দের অভিযোগ, এটি শহরের এক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা—এখানে এমন দুর্ঘটনা বড়সড় প্রাণহানির কারণ হতে পারত।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সম্প্রতি রাস্তায় খননকাজ চালিয়েছিল পুরনিগম, কিন্তু সেই কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়াতেই গাছের শিকড় দুর্বল হয়ে পড়ে এবং এই বিপত্তি ঘটে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

