পারমিতা রায়, দার্জিলিংঃ পাহাড়ের ঐতিহ্যবাহী চৌরাস্তায় শুরু হল নবম সরস মেলা। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি নানা সামগ্রী, হস্তশিল্প থেকে শুরু করে তাঁতজাত পণ্য সব মিলিয়ে জমে উঠেছে মেলার আসর। দার্জিলিঙের চৌরাস্তায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু প্রামাণিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি পণ্যকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়া এবং গ্রামীণ শিল্প ও হস্তশিল্পের প্রসার ঘটানো। মেলায় বিভিন্ন জেলা ও রাজ্য থেকে আসা শিল্পীরা তাঁদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। এই মেলা শুধু কেনাকাটার ক্ষেত্রই নয়, বরং গ্রামীণ শিল্পীদের আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছেও সরস মেলা আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

