বেলাকোবা: মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের ক্যান্সার রোগী ও তাঁদের পরিজনদের জন্য স্থায়ী ও সুলভ থাকার ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠল। এই দাবিতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. জয়ন্ত রায়ের কাছে লিখিত আবেদন জানিয়েছেন উত্তরবঙ্গ রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বেলাকোবার সম্পাদক সমর কুমার মজুমদার। গত ৩১ আগস্ট সাংসদের কাছে আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
আবেদনপত্রে সমরবাবু জানান, তাঁর স্ত্রী চিত্রা দে সরকার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ২০২৪ সালে প্রায় এক বছর তাঁকে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে থাকতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ে যান। চিকিৎসার ব্যয়ের পাশাপাশি তাঁদের কাছে থাকা ও খাওয়ার খরচও বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
আবেদন অনুযায়ী, টাটা হাসপাতালের আশপাশে সাধারণ ঘরের দৈনিক ভাড়া ৫০০ থেকে ৮০০ টাকা বা তারও বেশি। এর সঙ্গে খাবার, যাতায়াত ও অন্যান্য খরচ যোগ হওয়ায় দীর্ঘদিন চিকিৎসাধীন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলি আর্থিক সংকটে পড়েন। অনেক ক্ষেত্রেই চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে।
আবেদনকারীর দাবি, উত্তরপ্রদেশ, অসম ও ওড়িশার মতো কয়েকটি রাজ্যের উদ্যোগে মুম্বইয়ে রোগী ও পরিজনদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। অথচ পশ্চিমবঙ্গের জন্য এমন স্থায়ী ব্যবস্থা নেই। তাই টাটা মেমোরিয়াল হাসপাতালের কাছাকাছি রাজ্য সরকারের উদ্যোগে ‘বঙ্গভবন’ নির্মাণের দাবি জানানো হয়েছে। সেখানে স্বল্প খরচে থাকা ও সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুমোদন সাপেক্ষে প্রকল্পটির পরিচালনা ও ব্যবস্থাপনায় তারা বিনা স্বার্থে সহযোগিতা করতে প্রস্তুত।
এই দাবিকে সমর্থন করেছেন কোচবিহার সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহানন্দ বর্মন এবং অ্যাসোসিয়েশন ফর ভিজ্যুয়াল হ্যান্ডিক্যাপ-এর সাধারণ সম্পাদক বিপদতারণ দাস। তাঁদের মতে, মুম্বইয়ে বঙ্গভবন তৈরি হলে ক্যান্সার রোগীদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনে মুম্বই যাওয়া পশ্চিমবঙ্গবাসীরও উপকার হবে।
সমর কুমার মজুমদার জানিয়েছেন, সাংসদ ডা. জয়ন্ত রায় তাঁদের আবেদন গ্রহণ করেছেন। সাংসদের কার্যালয়ের সিলমোহর অনুযায়ী, ৩১ আগস্ট ২০২৬ তারিখে চিঠিটি গৃহীত হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
টাটা মেমোরিয়ালের পাশে চাই ‘বঙ্গভবন’, সাংসদের দ্বারস্থ উত্তরবঙ্গের সংগঠন
Previous Articleবিমল–শুভেন্দু সাক্ষাতে পাহাড়ে নতুন সমীকরণের জল্পনা
Next Article AI-র হাত ধরে জোয়ার আসুক উত্তরবঙ্গের পর্যটনে

