মাম্পী চৌধুরী, শিলিগুড়ি: জিএসটি ফাঁকি দিয়ে অবৈধ সুপারি ব্যবসার রমরমা কারবার চালানোর অভিযোগে শিলিগুড়ি শহরে বড়সড় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার শহরের মোট ছয়টি ভিন্ন জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একই সঙ্গে একাধিক জায়গায় এই অভিযানের ঘটনায় গোটা শিলিগুড়িতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে মূলত জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ। দীর্ঘদিন ধরে শিলিগুড়ির একটি সুপারি ব্যবসায়ী চক্র সরকারি কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ পায় কেন্দ্রীয় এজেন্সি। সেই তথ্যের ভিত্তিতেই এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তৎপর হয়ে ওঠেন ইডি আধিকারিকরা।
এদিন অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র ছিল শিলিগুড়ির বর্ধমান রোড। সেখানে সন্দীপ বৈদ নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে, শহরের পরিচিত সুপারি ব্যবসায়ী ধিরজ ঘোষ ওরফে হিরেশ ঘোষ এর ফাঁসিদেওয়া ফার্ম হাউজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সুপারি ব্যবসার আড়ালে কীভাবে কর ফাঁকি দেওয়া হচ্ছিল, তার হিসাব মেলাতে ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট কার্যালয়ের নথিপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে।
বর্ধমান রোড ও সুপারি ব্যবসায়ীদের পাশাপাশি শহরের আরও বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে একযোগে অভিযান চালায় ইডি। হানা দেওয়া স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
তবে ঠিক কী পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে বা তল্লাশিতে সুনির্দিষ্টভাবে কী কী নথি আধিকারিকদের হাতে উঠে এসেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডি-র পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।
এদিনের এই মেগা অভিযানকে কেন্দ্র করে শিলিগুড়ির ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। জিএসটি ফাঁকি দিয়ে চলা এই সুপারি সিন্ডিকেটের নেপথ্য আর কারা যুক্ত রয়েছে এবং ইডি-র এই তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
জিএসটি ফাঁকি দিয়ে সুপারি ব্যবসা, শিলিগুড়িতে ছয় জায়গায় হানা ইডির
Previous Articleশিলিগুড়িতে সাফাই কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত, ব্যাহত পরিষেবা
Next Article চা বাগান থেকে হাতির মৃতদেহ উদ্ধার

