

শিলিগুড়িঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে সাতটি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রেম কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জংশন এলাকায় নজরদারি চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এরপর আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সাতটি সোনার বার।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রতিটি সোনার বার ২৪ ক্যারেটের। সাতটি বারের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
প্রধাননগর থানার আইসি বি ডি সরকার জানিয়েছেন, ধৃত প্রেম কুমারকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। উদ্ধার হওয়া সোনার উৎস এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
