শিলিগুড়িঃ পুজোর আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার নির্দেশ দিল শ্রম দপ্তর। শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সের শ্রমিক ভবনে চা বাগানগুলির সমস্যা ও শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আয়োজিত বৈঠকে চা বাগান কর্তৃপক্ষগুলিকে আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শ্রম দফতরের আধিকারিক এবং বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজু বিস্তা জানান, পুজোর আগে শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি দ্রুত খোলার বিষয়েও কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সাংসদ জানান, উত্তরবঙ্গে বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০টি চা বাগান বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ৭০ থেকে ৮০ হাজার শ্রমিক ও তাঁদের পরিবার সমস্যায় পড়েছেন। বন্ধ বাগানগুলি আগামী ১০ দিনের মধ্যে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাগান না খুললে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে এবং প্রয়োজনে অন্য উপযুক্ত সংস্থার হাতে বাগান তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে।
পুজোর মুখে ২০ শতাংশ বোনাস দেওয়ার এই নির্দেশে চা শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে বোনাস প্রদান এবং বন্ধ বাগানগুলি খোলার নির্দেশ কতটা কার্যকর হয়, সেদিকেই নজর শ্রমিক মহলের।

