পারমিতা রায়, শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে এলাকায় ব্রাউন সুগারের কারবার চালানোর অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করল খালপাড়া পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ গ্রাম ব্রাউন সুগার। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মা ও ছেলের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্যের কারবার চালানোর অভিযোগ উঠছিল। তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যেও। অভিযোগ, দু’জনে মিলে দীর্ঘদিন ধরে গোপনে ব্রাউন সুগারের কারবার চালিয়ে আসছিলেন।
মঙ্গলবার রাতে এলাকার কয়েকজন মহিলা বিষয়টি নিয়ে নজরদারি শুরু করেন। তারা মাদক বিক্রির করতে এলে হাতেনাতে ধরে ফেলেন পাড়ার মহিলারা। এরপর ঘটনাটি সঙ্গে সঙ্গে খালপাড়া থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খালপাড়া থানার পুলিশ। এরপর অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের কাছ থেকে প্রায় ২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর দুজনকেই গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, দীর্ঘদিন ধরে কোথা থেকে মাদক আনা হত, সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।
ধৃত মা ও ছেলেকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

