শিলিগুড়িঃ চলতি মাসের মধ্যেই পেঁয়াজের দাম প্রায় ৩৫ টাকা এবং চিনির দাম ৫০ টাকা বা তার নিচে কেজি দরে বাজারে আনার উদ্যোগ নিল রাজ্য সরকার। যাতে পুজোর সময় সাধারণ মানুষকে তুলনামূলক কম দামে কিনতে পারেন।
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের আমূল সংস্কারের আশ্বাস দিয়ে এমনই বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রায় ৫০ একর জমির উপর গড়ে ওঠা এই বাজারের পরিকাঠামোগত সমস্যা মেটাতে মঙ্গলবার সেখানে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র, এসডিও, ডিএম-সহ বাজারের ব্যবসায়ীরা।
আলোচনায় বাজারের বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল ও প্রবেশপথের সমস্যার কথা উঠে আসে, যার ফলে প্রতিদিন ট্রাফিক চলাচলে সমস্যা হয়। এছাড়া হাইওয়ে তৈরির কারণে নয়নজুলি বন্ধ হয়ে জল জমে যাওয়ার দীর্ঘদিনের সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষিপণ্যের মান বজায় রাখতে এবং অপচয় রোধ করতে বাজারে একটি কোল্ড স্টোর তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে কমলালেবু, আনারস ও অ্যাভোকাডোর মতো পচনশীল পণ্য দুই-তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। পাশাপাশি, বাজারের ভিতরে প্রসেসিং সেন্টার গড়ে তোলার মাধ্যমে কাঁচা জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরি এবং থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনারও পরিকল্পনা রয়েছে।
বাইরের জেলা ও রাজ্য থেকে আসা ট্রাকচালকদের সুবিধার জন্য গেস্ট হাউসের ধাঁচে একটি আধুনিক বিশ্রামাগার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যার ওপরে চালকদের থাকা ও নিচে গোডাউনের ব্যবস্থা থাকবে। সৌরবিদ্যুৎ সংযোজন, উন্নত বিদ্যুৎ পরিষেবা এবং চুরি রুখতে বাজারজুড়ে নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়। মন্ত্রী জানান, পরিকাঠামোর সম্পূর্ণ সংস্কার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও ধাপে ধাপে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleশিলিগুড়ির সেবক রোডে ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান

