
গৌতম সিংহ, জলপাইগুড়িঃ তিস্তা থেকে হস্তিশাবক উদ্ধার, সাহসিকতার জন্য সংবর্ধনা পেলেন পাঁচ মৎস্যজীবী। তিস্তার প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে একটি ছোট্ট হস্তিশাবককে জীবিত উদ্ধার করে অনন্য নজির গড়লেন পাঁচ জন মৎস্যজীবী। জীবনকে বাজি রেখে তাঁদের এই সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ গাজলডোবার ১২ নম্বর এলাকায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ওই পাঁচ মৎস্যজীবীর হাতে সম্মাননা ও মানপত্র তুলে দেওয়া হয়।
জানা গেছে, তিস্তার তীব্র স্রোতে একটি ছোট্ট হস্তিশাবক ভেসে যাচ্ছিল। এই খবর পাওয়া মাত্রই কোনো দ্বিধা না করে ছোট নৌকা নিয়ে উত্তাল নদীতে নেমে পড়েন পাঁচ মৎস্যজীবী। প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা শাবকটি অবস্থান শনাক্ত করেন। এরপর প্রবল স্রোতের প্রতিকূলতাকে জয় করে তাঁরা নৌকাসহ শাবকটির কাছে পৌঁছান এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করেন। পরবর্তীতে নিরাপদে তাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
মৎস্যজীবীদের এমন বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্যসরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সমীরণ রাজ, আপালচাঁদ রেঞ্জের রেঞ্জ অফিসার নবাংকুর ঘোষ, সমাজসেবী মনোজ বর্মা, দ্বীপজ্যোতি চক্রবর্তী, অচিন্ত্য গুপ্ত ও তরুণ রায়-সহ অন্যান্যরা। বন দফতর ও পরিবেশপ্রেমী মহলের পক্ষ থেকে মৎস্যজীবীদের এই মানবিক ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে।

