নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: খালপাড়া এলাকায় সোনার দোকানে চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম রাজ চৌধুরী ওরফে বাণ্টা (২৬)। সে শিলিগুড়ি থানার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, খালপাড়ার ওই সোনার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ১৬ সেপ্টেম্বর প্রায় আট লক্ষ টাকা চুরি যায়। ঘটনার তদন্তে নেমে রাজ চৌধুরীকে গ্রেফতার করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর ধৃতকে নিয়েই তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই চুরি যাওয়া টাকার মধ্যে নগদ ৬ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, চুরি যাওয়া বাকি টাকা কোথায় রয়েছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী অফিসার।

