অভিষেক দে, ঘোকসাডাঙ্গা: বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় নিশিগঞ্জে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশিগঞ্জের রুনিবাড়ি আসমনিরঘাট এলাকায় একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে দাবি, তল্লাশিতে ৮১৪ গ্রাম ওজনের একটি সোনার বাট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। তল্লাশির সময় টোটোচালক-সহ দু’জনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রাহুল হোসেন নিশিগঞ্জ এলাকার বাসিন্দা এবং আরফান হোসেন অসমের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনাটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, সোনাটি উত্তর-পূর্বাঞ্চলের কোনও এলাকা থেকে এদিকে আসতে পারে। তবে এই বিষয়ে এখনও তদন্ত চলছে। সোনার প্রকৃত উৎস এবং এর সঙ্গে ধৃতদের কী ধরনের যোগ রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়।
পুলিশের আরও দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোনাটি কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তদন্তে মাথাভাঙ্গা এলাকার নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেলেও, সেখানে কার কাছে বা কী উদ্দেশ্যে সোনা নিয়ে যাওয়ার কথা ছিল, তা এখনও নিশ্চিত নয়।
তদন্তের অংশ হিসেবে ধৃত দু’জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল ডিটেইলস এবং তাঁদের সঙ্গে যোগাযোগে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে সোনার লেনদেন সংক্রান্ত আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, তা দেখছেন তদন্তকারীরা।
উদ্ধার হওয়া সোনার বৈধ কাগজ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি সোনাটি কীভাবে নিশিগঞ্জে পৌঁছল এবং এর আগে এই ধরনের কোনও লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তকারী পুলিশ অফিসার দেখছেন।

