দার্জিলিং: টানা ভারী বৃষ্টির জেরে ধস ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় ১০ নম্বর জাতীয় সড়ক শনিবার ছয় ঘণ্টার জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখাল জেলা প্রশাসন। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেভক থেকে রংপো পর্যন্ত প্রায় ৫২.১ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রাস্তায় এই কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি এই রুটের বিভিন্ন জায়গায় রাস্তা বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বৃষ্টির সময় ধস নামা এবং পাথর পড়ার ঝুঁকি থাকে। এই ধরনের সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পেতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ এই সময়ে যাতে কোনও যানবাহন ওই অংশে প্রবেশ করতে না পারে, তার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে কঠোর নজরদারিও চালানো হয়।
এই নিষেধাজ্ঞার জেরে এই রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী, পর্যটক এবং পণ্যবাহী যানবাহনকে সাময়িক সমস্যার মুখে পড়তে হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্ধারিত সময়ের পর থেকে ওই রুটে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় সমস্ত চালক ও যাত্রীদের সতর্কতা অবলম্বন করার এবং নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

