দার্জিলিংঃ প্রবল বৃষ্টির জেরে শুক্রবার রাত সাড়ে তিনটে নাগাদ দার্জিলিংয়ের তাকদাহ ক্যান্টনমেন্ট হাসপাতাল চত্বরে আচমকাই ধস নামে। পাহাড়ের মাটি ও ধ্বংসাবশেষ হাসপাতাল ভবনের একটি অংশে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেই সময় হাসপাতালের ভিতরে ছিলেন মোট ছয়জন। তাঁদের মধ্যে একজন রোগীর আত্মীয় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। বেশ কিছুক্ষণ অভিযান চালানোর পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য দার্জিলিং হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, হাসপাতালে থাকা বাকি পাঁচজন কোনওরকমে নিরাপদে বেরিয়ে আসেন। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরেই মাটি আলগা হয়ে এই ধস নেমেছে। তবে ধসের প্রকৃত কারণ এবং হাসপাতাল ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে পাহাড়বাসীর মধ্যে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

