নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ ঘরের সামনে বসে আড্ডা মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ির নতুনপাড়া এলাকায়। ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর পরিস্থিতি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় উভয় পক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে কয়েকজন বসে আড্ডা মারছিলেন। অভিযোগ, বিষয়টি নিয়ে আপত্তি জানানো হলে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরবর্তীতে সেই বচসা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।
ঘটনায় কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
পরে ঘটনায় জড়িত দুই পক্ষই পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কী কারণে এই ঝামেলার সূত্রপাত এবং ঘটনার সময় ঠিক কী হয়েছিল, তা জানতে স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ।

