শিলিগুড়ি : উত্তরবঙ্গে নারী পাচার ও দিল্লিতে বাঙালিদের উপর নির্যাতন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার কর্মীরা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
সফদর হাসমি চক থেকে শুরু হয়ে সেবক মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী।
বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি চরমে। উত্তরবঙ্গের চা-বলয়ের মহিলারা আর নিরাপদ নন। মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ, তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
বিধায়ক শংকর ঘোষ জানান, নারী পাচার নিয়ে আমরা চিন্তিত। ইতিমধ্যেই এই বিষয়ে সাংসদ রাজু বিস্ট ও মনোজ টিগগার সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা সংসদে বিষয়টি তুলবেন।
বিজেপি মহিলা মোর্চার এই প্রতিবাদ কর্মসূচিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন উপস্থিত কর্মী-সমর্থকেরা। তারা দাবি তোলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন

