শিলিগুড়ি : শিলিগুড়ি কর্পোরেশনের উদ্যোগে আজ তিনবাত্তি মোড়ে অবৈধ দখলের বিরুদ্ধে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্পোরেশন ফুটপাতের জমি দখল করে দীর্ঘদিন ধরে চলা প্রায় ১০টি দোকানকে ভেঙে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করে ব্যবসা চলছিল, যার ফলে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। বারংবার নোটিশ দেওয়া হলেও দোকানদাররা জায়গা ছাড়েননি, ফলেএই উচ্ছেদ অভিযান।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত দোকানদারদের অভিযোগ, বহু বছর ধরে তারা এখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। হঠাৎ করে কোনও পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে দোকান ভেঙে দেওয়া অত্যন্ত অমানবিক। তাঁরা জানান, “এখন আমরা কোথায় যাবো? আমাদের পরিবারের মুখে খাবার জোগাড় করবো কীভাবে?”
অভিযান চলাকালীন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও কর্পোরেশনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

