শিলিগুড়ি : শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় দুষ্কৃতিরাজ। পুষ্পা গ্রুপ ও মুখিয়া গ্রুপের দাপটে অতিষ্ঠ এলাকার মানুষ। অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে দুষ্কৃতীরা।
গতকাল ডাবগ্রাম ফুলবাড়ীর ঠাকুরনগরে মাফিয়া দের হামলায় জখম হন বেশ কয়েকজন। প্রকাশ্যে মারধর করা হয় এলাকাবাসীদের। দাদাগিরি দেখায় জনা দশেক দুষ্কৃতি। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার নিউ জলপাইগুড়ি থানা এলাকার ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বনধের ডাক দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মাফিয়া দের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীদের ডাকে বনধ সকাল থেকেই ছিল সর্বাত্মক। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার পুষ্পা ও “মুখিয়া” গ্রুপের প্রত্যেককে গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। অভিযোগ গতকাল দুপুরে এই “মুখিয়া” গ্রুপের ও পুষ্পা গ্রুপের জনা দশেক দুষ্কৃতী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর করে এবং এলাকার মানুষজনকে ব্যাপক মারধর করে। অভিযোগ তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। এলাকায় জমি মাফিয়া রাজের মূল চক্র এই মুখিয়া গ্রুপ বলেই অভিযোগ। গতকাল বিকেলে অশান্তির পর থেকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কোন দুষ্কৃতিকেই। আর এই অভিযোগে সকালে ঠাকুরনগরে ইস্টার্ন বাইপাস অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় অভিযুক্তদের দোকানপাট। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগর এলাকায়। সকাল থেকে শুনশান এলাকা।টহল দিচ্ছে পুলিশ। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পুলিশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় ইস্টার্ন বাইপাস। আটকে দেওয়া হয় সব যানবাহন। ঘটনাস্থলে পুলিশ এলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি পরিস্থিতি। এরপর ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার আইসি এবং এসিপি। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর যায় শিলিগুড়ির মেয়র তথা ডাবগ্রাম ফুলবাড়ীর প্রাক্তন বিধায়ক গৌতম দেব এর কাছে। ঘটনাস্থলে অসুস্থ অবস্থায় ছুটে আসেন মেয়র গৌতম দেব। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। ডিজির সাথে কথা বলবেন তিনি বলে জানান। কোন মাফিয়া রাজ চলবে না বলে সাফ জানিয়েছেন গৌতম দেব। প্রতিটি মাফিয়া গ্রুপকে পুলিশ গ্রেপ্তার করবে বলে জানান গৌতম। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

