শিলিগুড়ি : একাধিক ফোন কল , একের পর এক অভিযোগ পুজোর মুখে শহরে বেহাল রাস্তা থেকে শুরু করে মাদকাসক্তদের দৌরাত্ম। সব মিলিয়ে পুরনিগম ও পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ শহরবাসীদের মধ্যে। যা শনিবার উঠে এল টক টু মেয়র অনুষ্ঠানে। সব শুনে কিছুটা মেজাজ হারিয়েও সমস্যা সমাধানের আশ্বাস শিলিগুড়ির মেয়র গৌতম দেবের।
প্রতি শনিবারের মতো এদিনও একঘন্টার টক টু মেয়র অনুষ্ঠানে শহবাসীর ফোন কল নেন গৌতম দেব। তবে অধিকাংশ ফোন কর এসেছে পুজোর মুখে শহরের বেহাল রাস্তা, বৈদ্যুতিক বাতি থেকে শুরু করে শহরজুড়ে মাদকাসক্তদের দাপাদাপি নিয়ে একাধিক অভিযোগ আসে। বিশেষত ৪০ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা নিয়ে অভিযোগ শুনতে হয় মেয়রকে। ৩৫ নম্বর ওয়ার্ড থেকে ফোন করে ওয়ার্ডে দুস্কৃতী দৌরাত্ম নিয়ে অভিযোগ আসে। এক পৌঢ অভিযোগ করেন পুরসভার স্বাস্থ্য কেন্দ্রের পাশে থাকা মাঠে প্রতিদিন বসছে নেশার আসর। পুলিশকে বলেও কোনও লাভ নয়নি। কিন্তু এতেই কিছুটা মেজাজ হারান মেয়র।
যদিও, পরবর্তীতে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে পুর আধিকারিকদের এলাকায় সিসি ক্যামেরা বসানো সহ পুলিশকে চিঠি করার নির্দেশ দেন মেয়র। মেয়র জানান, মাটির নীচ দিয়ে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হওয়ায় বেশকিছু রাস্তা বেহাল হয়েছে। সেগুলি পুজোর আগে মেরামত করা হবে। তবে শহরে রেল সহ বেসরকারী কিছু ফাকা জমি রয়েছে তাতে এই নেশার আসর বসছে। রেলকে জানানো হয়েছে। কিছু জমির মালিককে জরিমানা করা হয়েছে।

