শিলিগুড়ি : ফের ছিনতাইয়ের ঘটনা শিলিগুড়ি শহরে। শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ১৫ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। রবিবার ভর সন্ধ্যায় এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালালো স্কুটি আরোহী দুই দুস্কৃতী। কাউন্সিলর অফিসের ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ওয়ার্ডের নিরাপত্তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সেই সঙ্গে গোটা শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
শেষ এক সপ্তাহ কার্যত রেকর্ড চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শিলিগুড়ির মেট্রোপলিটন এলাকায়। হায়দার পাড়া থেকে শুরু করে ফুলবাড়ি, বিধান মার্কেট থেকে শুরু করে বাগডোগরা অবাধ বিচরণ দুস্কৃতীদের। প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা। এতে কার্যত নাভিশ্বাস উঠছে পুলিশের।
এরই মাঝে এদিন ভরসন্ধ্যায় খোদ ডেপুটি মেয়রের ওয়ার্ড, রাজা রামমোহন রায় রোডে থাকা কাউন্সিলর অফিসের ঢিল ছোড়া দূরত্ব ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। কাজ থেকে ওই রাস্তা ধরেই বাড়ি ফিরছিলেন অনিতা দাস। হাতে ছিল তার ছোট ব্যাগ। সেই ব্যাগ পেছন থেকে স্কুটিতে এসে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই দুস্কৃতী। দৌড়ে পিছু নিয়েও শেষ রক্ষা হয়নি।
এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন ওয়ার্ডের বাসিন্দা। তার প্রশ্ন তুলছেন খোদ ডেপুটি মেয়রের ওয়ার্ডেরই যদি নিরাপত্তা ব্যাবস্থা হাল এমন হয়, তবে এ শহর যে একেবারেই নিরাপদ নয় তা বলার অবকাশ রাখে না। পুলিশের উচিত সক্রিয়তা বাড়ানো।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ কর্তারা। এলাকার বেশ কিছু বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরা ফুটেজ ও ওয়ার্ডজুড়ে পুরনিগমের বাসানো সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতীদের চিহ্নিত করার কাজে জোড় দিয়েছে পুলিশ।

