শিলিগুড়ি : অবশেষে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ণ কর্তৃপক্ষের স্থায়ী বোর্ড গঠন করল রাজ্য সরকার। দীর্ঘ প্রায় এক বছর দার্জিলিংয়ের জেলাশাসককে প্রশাসক করে উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কর্ম চললেও বুধবার স্থায়ী বোর্ড গঠন করে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। চেয়ারম্যান করা হয়েছে দীলিপ দুগার ও ভাইস চেয়ারম্যান করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তীকে।
বছর খানেক আগেই সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দিয়ে দার্জিলিং জেলাশাসককে এসজেডিএর দায়িত্ব দেওয়া হয়েছিলন। দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় এভাবে চলতে থাকায় জল্পনা তৈরি হয়েছিল আদৌও উন্নয়ন কর্তৃপক্ষের স্থায়ী বোর্ড গঠন করা হবে, নাকি প্রশাসক দিয়েই আপতত চলবে এসজেডিএ। যদিও, পাহাড়িয়া টাইমস এই খবর প্রথম জানিয়েছিল যে প্রশাসক নয়, এসজেডিএর নতুন বোর্ড গঠনে এগিয়েছে রাজ্যে আর দীলিপ দুগারকে করা হচ্ছে এসজেডিএর নতুন চেয়ারম্যান। সব জল্পনার অবসান ঘটিয়ে এসজেডিএর আগের বোর্ডের ভাইস চেয়ারম্যান এই দীলিপ দুগারকে চেয়ারম্যান করে নতুন বোর্ড তৈরি করল রাজ্য। যদিও, এই বোর্ডে বাকি সদস্য কারা হচ্ছেন তা এখন ঠিক হয়নি।

