শিলিগুড়ি : পুজোর আর মাত্র এক মাস বাকি, কিন্তু এখনও শহরের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শুরু করেনি শিলিগুড়ি পুরনিগম। ফলে প্রশ্নের মুখে পুরনিগমের ভূমিকা।
বিরোধীদের অভিযোগ, পুজোর মুখে এই ভগ্নদশা জনসাধারণের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। শিলিগুড়ির বিরোধী দলনেতা অমিত জৈন আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অবস্থায় দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে। অথচ এখনও পর্যন্ত পুরনিগম কোনও রাস্তায় মেরামতের উদ্যোগ নেয়নি। শহরের একাধিক প্রধান রাস্তায় বর্তমানে চলছে ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ ও ঘরে ঘরে গ্যাস পৌঁছনোর কাজ। ফলে রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে বহু জায়গায়। সেই কাজ শেষ হলেও রাস্তা আর আগের মতো করা হয়নি। সাধারণ মানুষকে প্রতিদিন এই ভাঙা রাস্তায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ি চলাচল তো বটেই, এমনকি হাঁটাচলাতেও সমস্যা দেখা দিচ্ছে।
এই ইস্যুতে পুরসভার মাসিক বৈঠকে বিজেপি ও সিপিএম একযোগে প্রশ্ন তোলে। অভিযোগ ওঠে, প্রতিবছর দুর্গাপুজোর আগে রাস্তা মেরামতের জন্য টেন্ডার ডাকা হয়, কাজও শুরু হয়ে যায়। কিন্তু এবছর উন্নয়নের নাম করে রাস্তা খোঁড়া হলেও এখনও কোনও মেরামতের টেন্ডার পর্যন্ত হয়নি। যদিও শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, উন্নয়ন করতে গেলে কিছুটা ভোগান্তি মেনে নিতেই হয়। তবে আমরা আশ্বস্ত করছি পুজোর আগেই শহরের প্রধান রাস্তা ও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে। তবে মেয়রের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না অনেকেই। কারণ সময় দ্রুত ফুরিয়ে আসছে, অথচ কাজের শুরু হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।

