শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের নতুন কমিশনার হলেন অশ্বীনি কুমার রায়। মঙ্গলবার তিনি পুরভবনে এসে দায়িত্বভার গ্রহণ করেন। এদিন মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
দীর্ঘদিন ধরে কমিশনারবিহীন থাকায় পুরনিগমের নানা কাজ আটকে ছিল। ফলে বিশেষ করে দুর্গাপুজোর আগে সমস্যায় পড়তে হচ্ছিল পুরকর্তৃপক্ষকে। নতুন কমিশনার আসায় সেই জট কাটবে বলে আশাবাদী প্রশাসন।
শিলিগুড়িতে অবশ্য একেবারেই নতুন নন অশ্বিনীবাবু। এর আগে তিনি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত ছিলেন। ২০১৭ সালে মিরিক মহকুমা হওয়ার পর প্রথম মহকুমাশাসক হিসেবে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে তিনি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক পদে কর্মরত ছিলেন। আলিপুরদুয়ার থেকে বদলি হয়ে এবার শিলিগুড়ি পুর কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।

