শিলিগুড়ি : ইসকনের ৩৬তম রথযাত্রায় শিলিগুড়ির রথের দড়ি টানা যেন হয়ে উঠল রাজনৈতিক ‘পাওয়ার শো’। সকাল থেকেই রথযাত্রায় ভক্তদের ঢল। তবে দুপুর ২টোর পর রথ টানার সময় দেখা যায়, রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা রীতিমতো দড়ি ঘিরে দাঁড়িয়ে ছবি তোলায় ব্যস্ত।
ফলে ভক্তরা অনেকেই সামনে দাঁড়িয়েও দড়ি ছুঁতে না পেরে ক্ষুব্ধ। অনেকেই বলছেন, “প্রতিবছরই এমন হয়। তারা রথের দড়ি টানতে আসেন, , কিন্তু মুহূর্তের মধ্যে রথের সামনের জায়গাটা দখল করে নেন নেতারা। ” ইসকনের তরফে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানানো হলেও, অনেক কিছুই তো আর মুখে বলা যায় না…
এবছর রথ যাত্রার উদ্বোধক হিসেবে নাম ছিল মেয়র গৌতম দেবের। অতিথি হিসেবে ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সেইমতো তারা দুপুর ২ টা আগেই মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছান। কিন্তু রথযাত্রার উদ্বোধনের সময় দেখা যায় শাসক দলের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলার নেতারাই রথের সামনের জায়গা দখল করে রয়েছেন । এদিকে সকাল থেকে চড়া রোদ উপেক্ষা করে ভক্তরা মন্দিরে এসে দাঁড়িয়েছিলেন রথ টানার আসায়। তবে যখন রথ টানার সময় এল, তখন দড়ির সামনের দিকে আর তাদের জায়গা হলো না।। অনেক ভক্ত অভিযোগ করেন, “প্রতিবছর আমরা রথ টানার জন্য আসি, কিন্তু সামনের সারি দখল করে নেয় রাজনৈতিক লোকজন। আমরা শুধু দূর থেকে তাকিয়ে থাকি।”
তবে রথের দড়ি টানা নিয়ে শাসক দলের নেতা-নেত্রীরা যেভাবে রথের সামনেটা দখল করে রাখলেন, তাতে অনেক সাধারণ ভক্ত বলে ফেললেন, “নেতা হলে কত সুবিধা, তাই না?”

