শিলিগুড়ি : শহরের ক্রমবর্ধমান থার্মোকল দূষণ রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুরসভা। কলকাতা ও হাওড়া পুরসভার ধাপা ও কোলেমার্কেট এলাকার আদলে এবার শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে তৈরি হবে আধুনিক থার্মোকল রিসাইক্লিং প্ল্যান্ট। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বোর্ড সভায় এই প্রকল্পের প্রস্তাবে সম্মতি মিলেছে। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ভেতরেই তৈরি করা হবে এই প্ল্যান্ট। প্রাথমিকভাবে এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। প্রায় ২ হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি হবে এই প্ল্যান্ট।
মূলত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে যে মাছ আসছে তার সমস্তটাই থার্মোকলের বাক্সে প্যাকেট হয়ে আসে। এতেই বাড়ছে দূষণ। পুরসভা এবার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত পচনশীল মাছ থার্মোকলের বাক্সে নিয়ে আসা হলেও অন্যান্য মাছ প্লাস্টিকের ক্যারেটে নিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। এতে থার্মোকল শহরে কম ঢুকবে। শুধুমাত্র রেগুলেটেড মার্কেটই নয়, শহরের অন্যান্য বাজার ও ওয়ার্ডগুলির রাস্তা থেকে সংগৃহীত বর্জ্য থার্মোকল এখানে এনে প্রক্রিয়াকরণ করা হবে। পুনর্ব্যবহারযোগ্য এই থার্মোকল থেকে উৎপাদিত দানার সাহায্যে তৈরি করা যাবে শার্টের বোতাম, ফটো ফ্রেম প্রভৃতি নানা সামগ্রী।
পুরসভার জঞ্জাল অপসারণ দপ্তরের মেয়র পারিষদ মানিক দে জানান, ‘‘থার্মোকল জমে পরিবেশে মারাত্মক প্রভাব ফেলে। প্লাস্টিকের মতোই এটি মাটিতে মিশে যেতে বহু বছর লেগে যায়। এই প্ল্যান্ট চালু হলে শুধু দূষণই রোখা যাবে না, বরং বর্জ্য থার্মোকলকে পুনঃব্যবহারযোগ্য সামগ্রীতে রূপান্তর করা যাবে।
পরিবেশবিদদের মতে, এটি একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব সিদ্ধান্ত। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণের ভাবনা রয়েছে পুরসভার I

