সিকিম : প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে লাচুং-এ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে আজ উত্তর সিকিমের ফিদাং-এ নিয়ে আসা হয়। এই উদ্ধার অভিযানের অংশ হিসেবে এক মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগে, সিকিম পুলিশের ডিজিপি অক্ষয় সচদেবা নিজে ফিদাং-এ উপস্থিত থেকে পর্যটকদের স্বাগত জানান। ডিজিপির সঙ্গে ফিদাং-এ উপস্থিত ছিলেন আইজিপি (আইন ও শৃঙ্খলা) তাশি ওয়াংচুক ভুটিয়া, ডিআইজি (রেঞ্জ গ্যাংটক) প্রতাপ প্রধান, এসপি মাঙ্গান সোনাম ডি. ভুটিয়া, এএসপি মাঙ্গান মানি কুমার তামাং, এসডিপিও রিংকু ডব্লিউ. ভুটিয়া, এসএইচও মাঙ্গান প্রাশান্ত রাই।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক (ডিসি) উত্তর সিকিম, অমিত জৈন, বন দপ্তরের আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরা। উদ্ধার হওয়া পর্যটকদের গাড়িগুলি ডেট খোলা এবং ফিদাং এলাকায় এসে পৌঁছলে, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনেক পর্যটকই আবেগপ্রবণ হয়ে সিকিম সরকার, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিজিপি সচদেবা নিজে ফিদাং-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা সবরকম প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল সকল পর্যটককে নিরাপদে উদ্ধার করা এবং তাঁদের পাশে দাঁড়ানো।” তিনি আরও জানান, উদ্ধার অভিযানে অংশ নিতে আরও ৩০০-র বেশি গাড়ি লাচুং ও লাচেন-এর দিকে রওনা হয়েছে, যাতে সেখানে আটকে থাকা সমস্ত পর্যটককে পর্যায়ক্রমে নিচে আনা যায়। উল্লেখ্য, টানা বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে উত্তর সিকিমের একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু পর্যটক লাচুং ও তার আশেপাশের এলাকায় আটকে পড়েন। প্রশাসনের তৎপরতায় ধাপে ধাপে তাদের উদ্ধার করে মাঙ্গান জেলার নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে।

