শিলিগুড়ি : ২৬ জুন: শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে প্রাতভ্রমণে বেরোনো বৃদ্ধা মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে পালাল দুই যুবক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা নাগাদ ওই মহিলা প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন। তখনই একটি বাইকে করে দুই যুবক আসে। তাদের মধ্যে একজন দূরে বাইক নিয়ে অপেক্ষা করছিল, আর অন্য যুবক পিছন থেকে এসে হঠাৎই মহিলার গলা চেপে ধরে তাঁর সোনার মালা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় ধস্তাধস্তিতে আহত হন ওই মহিলা।
সেই মহিলা জানান, ছিনতাই হওয়া সোনার মালার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।
একের পর এক ছিনতাইয়ের ঘটনায় শহরের মানুষ উদ্বিগ্ন। পুলিশের টহল ও নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। শহরের বিভিন্ন প্রান্তে বারংবার ছিনতাইয়ের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে।
স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাড়ির পুলিশ I

