শিলিগুড়ি : শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায় সোমবার ভোরে এক বালি বোঝাই ডাম্পার থেকে বালি নামানোর সময় হলো দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন এলাকাবাসীরা। তবে এই ঘটনার জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালি ফেলানোর সময় ডাম্পারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে উঠে যায় এবং একটি বৈদ্যুতিক তারে আটকে পড়ে। সেই ধাক্কায় সামনের দুটি চাকা পুরোপুরি আকাশমুখী হয়ে দাঁড়িয়ে যায়। চারপাশে থাকা সাধারন মানুষ মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার পরপরই চালক গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আওয়াজ শুনে এলাকাবাসীরা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দ্রুত আসিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ক্রেনের সাহায্যে বিপজ্জনক অবস্থায় থাকা গাড়িটিকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পালিয়ে যাওয়া চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

