শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় থেকে ছোট ফাপরি যাওয়ার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। যা নিয়ে বিরক্ত এলাকাবাসী। ভাঙাচোরা রাস্তায় প্রায় প্রতিদিনই উল্টে যাচ্ছে টোটো ও অটো, আর পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বিশেষ করে বর্ষার সময় রাস্তার গর্তে জল জমে চলাচল হয়ে পড়ছে আরও বিপজ্জনক।
এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয়রা জানিয়েছেন, বহুবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
উপায় না দেখে, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে নিজেরাই রাস্তার গর্তে বালি ফেলে মেরামতির কাজ শুরু করেছেন।
এই বিষয়ে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতালী মালাকার জানান, “ওই রাস্তাটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে পড়ে। তাই তারা সরাসরি কিছু করতে পারেন না। তবে যদি কোন ছোটখাটো সহায়তার কথা তাদের জানানো হতো, তা হলে তারা অবশ্যই তা করতেন। কিন্তু পঞ্চায়েতকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

