শিলিগুড়ি : বন দপ্তরের ডাবগ্রাম রেঞ্জের অন্তর্গত বৈকুণ্ঠপুর জঙ্গলে একাধিক রিসোর্ট গড়ে উঠেছে। সম্প্রতি সেই রিসোর্টগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর।
জানা গিয়েছে, রিসোর্টগুলি থেকে জঙ্গলের ভিতরে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। শুধু তাই নয়, রাতে লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজানো, হাই-পাওয়ার লাইটের ব্যবহার—সব মিলিয়ে জঙ্গলের পরিবেশ ও বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও গভীর রাতে যাতে বনের পথে কোনো পর্যটক বের না হয় এবং প্রবেশ না করেন সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। ।
এই পরিস্থিতিতে ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে সমস্ত রিসোর্টকে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে। রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, এই ধরনের কার্যকলাপ যদি বন্ধ না হয়, তবে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বন্যপ্রাণীরা রিসোর্ট থেকে ছোড়া আবর্জনা খেয়ে নানা সমস্যায় পড়ছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বলেই দেখছে বন দপ্তর। ইতিমধ্যেই জঙ্গলের বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। প্রত্যেকটি রিসোর্টে দেওয়া হয়েছে নোটিশ।

